মেহেরপুরের গাংনী উপজেলার একটি এতিমখানা ও মাদরাসার আবাসিক শিক্ষার্থী হাসাইনের (৯) রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) সকালে তাকে আশঙ্কাজনক অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত হাসাইন গাংনী উপজেলার আজান গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। এ ঘটনায় শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জোর অভিযোগ উঠেছে।
এতিমখানার সহকারী শিক্ষক তাওহিদুল ইসলাম জানান, সকালে অন্য শিক্ষার্থীরা যখন ফুলবাগানে কাজ করছিল, তখন হাসাইন কক্ষের ভেতরে একা ছিল। পরবর্তীতে তার নাক দিয়ে রক্ত বের হতে দেখে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে এতিমখানার একাধিক শিক্ষার্থীর দাবি, তারা হাসাইনকে কক্ষের ভেতরে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় এবং সেখান থেকেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুব নয়ন বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে ইতোমধেই তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।






















