কুমিল্লায় লবণের বস্তার আড়ালে অভিনব কৌশলে পাচারকালে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। আজ বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে গাড়িটি সাধারণ পণ্যবাহী মনে হলেও, নিবিড় তল্লাশিতে বেরিয়ে আসে আসল রহস্য। মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে কাভার্ড ভ্যানটিতে বিপুল পরিমাণ লবণের বস্তা বোঝাই করেছিল এবং গাড়ির ছাদের ভেতরের অংশে বিশেষ কৌশলে এই ইয়াবার চালানটি লুকিয়ে রেখেছিল। দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে ডিবি পুলিশ সেখান থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।
পুলিশ সুপার আরও উল্লেখ করেন যে, মাদক কারবারিরা নজরদারি এড়াতে প্রতিনিয়ত নিত্যনতুন কৌশল অবলম্বন করলেও গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। মাদকের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে তিনি জানান, মাদক পাচারের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। এই ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতারে অভিযান চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এ সময় জেলা পুলিশ ও গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Md.Rasel Khan 


















