তেহরানের গ্র্যান্ড মাসাল্লায় আয়োজিত এক ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। অনুষ্ঠানে স্পিকার মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির উচ্চপদস্থ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে শোকবার্তা পৌঁছে দেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার সেখানে রক্ষিত শোক বইতেও স্বাক্ষর করেন। এর আগে, ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। উল্লেখ্য, এই রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরান পৌঁছালে বিমানবন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।
দ্বিপাক্ষিক বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ নেতার নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। একই সাথে তিনি ইরান ও বাংলাদেশের মধ্যকার শতাব্দী প্রাচীন বন্ধুত্ব, গভীর সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন। স্পিকার সম্প্রতি ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, এই চুক্তি ইরানসহ সমগ্র অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিয়ে আসবে। তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশ এই শান্তি প্রক্রিয়ার প্রতি সর্বদা সমর্থন বজায় রাখবে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এই ধারাকে আরও বেগবান করতে স্পিকার ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
সফরের অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের ক্রীড়া মন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সাথেও একটি ফলপ্রসূ বৈঠক করেন। বৈঠকে ইরানের ক্রীড়া মন্ত্রী তাদের দেশে ক্রিকেট খেলার উন্নয়নে বাংলাদেশের সক্রিয় সহায়তা কামনা করেন এবং দুই দেশের মধ্যে খেলাধুলার ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। স্পিকার এই বার্তাটি বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর নিকট পৌঁছে দেবেন বলে আশ্বস্ত করেন। সফর শেষে স্পিকার ইরান রেডিও’র বাংলা বিভাগের সাথে একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন। সেখানে তিনি বাংলাদেশ-ইরানের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে নিজস্ব মতামত তুলে ধরার পাশাপাশি ইরানে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের সেবা বৃদ্ধির লক্ষ্যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানাবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।






















