পবিত্র আশুরা উদ্যাপন উপলক্ষে ঢাকা মহানগরীতে তাজিয়া মিছিলে সব ধরনের ধারালো অস্ত্র, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার (২৬ জুন) আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। এসব মিছিলে কিছু ব্যক্তির দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি বা লাঠি নিয়ে অংশগ্রহণের কারণে প্রায়শই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, যা নগরবাসী ও ধর্মপ্রাণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ।
তাছাড়া, মহররম মাসের পবিত্র ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানো সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে ঢাকা মহানগর পুলিশ অর্ডিন্যান্সের (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) ২৮ ও ২৯ ধারার ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ সময় পর্যন্ত এই আদেশ কঠোরভাবে বলবৎ থাকবে।























