চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের আম চাষি ও ব্যবসায়ীদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে এক বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত এই অঞ্চলের বিভিন্ন আমের বাজারসংলগ্ন তফশিলি ব্যাংকের শাখা ও উপশাখাগুলো সাপ্তাহিক ছুটির দিন শনিবারও সীমিত পরিসরে খোলা থাকবে। গত বৃহস্পতিবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফশিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বর্তমান আমের মৌসুমে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী আম বাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হচ্ছে। এসব এলাকায় নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ ও জমা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের নগদ অর্থ বহন ও সংরক্ষণজনিত ঝুঁকি কমাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট; নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এবং রাজশাহী ও নাটোর জেলার আম বাজারসংশ্লিষ্ট ব্যাংক শাখা ও উপশাখাগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করে নিজ নিজ বিবেচনায় এসব শাখা পরিচালনা করতে বলা হয়েছে।






















