রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানটির দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ‘সম্মাননা দোকানদার সমবায় সমিতি লিঃ’-এর ব্যানারে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ২৫০ জনের বেশি মুখোশধারী দুর্বৃত্ত এই তাণ্ডব চালায়। হামলাকারীরা কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ক্লিনিকে প্রবেশ করে এবং সেখানে ব্যাপক লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালায়। পরবর্তীতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ক্লিনিকের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলে সেখানে ‘সম্মাননা দোকানদার সমিতি লিঃ’-এর একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। মূলত প্রতিষ্ঠানের ১০ কাঠা জমি দখলের উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বিস্তারিত তথ্য প্রকাশ করে জানান, সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কেন্দ্রটি প্রায় ৫০ বছর ধরে স্থানীয় দরিদ্র, অসহায় নারী ও শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছিল। তাণ্ডব চলাকালে দুর্বৃত্তরা সরকারি ইপিআই টিকা, টিকা প্রদানের সরকারি রেজিস্টার ও নথি, পরিবার পরিকল্পনার বিভিন্ন উপকরণ, ওষুধ, ভ্যাক্সিন ও ল্যাবরেটরি রিএজেন্ট লুট করে নিয়ে যায়। এছাড়া তারা নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা, ৪৫ লাখ টাকা মূল্যের আল্ট্রাসনোগ্রাম মেশিন, জেনারেটর, ৩টি ফ্রিজ, ৩টি এসি, সিসিটিভি ক্যামেরা, স্টিলের আলমারি, ফাইল কেবিনেট, টিভি, কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার ও অন্যান্য আসবাবপত্র নিয়ে চম্পট দেয়। এতে সব মিলিয়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হঠাৎ এই হামলায় ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার থেকে প্রতিষ্ঠানটিতে সরকারি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যসেবা কার্যক্রমসহ সব ধরনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ডা. নাসরিন আখতার এই ঘটনাকে দেশের দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার অধিকারের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন। স্বাস্থ্যসেবা পুনরায় চালুর লক্ষ্যে তিনি সরকার ও প্রশাসনের কাছে দুটি নির্দিষ্ট দাবি জানিয়েছেন—হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক বিচার করা এবং প্রতিষ্ঠানের সম্পূর্ণ ক্ষতি পূরণ করে দ্রুত সেবা চালুর ব্যবস্থা করা। অন্যদিকে, ডিএমপির শাহ আলী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতাকে জড়ো হতে দেখেছে এবং ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















