দিনাজপুরের বীরগঞ্জে ডাক্তার দেখাতে যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তার তিন বছর বয়সী শিশু ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক বাবা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের ভাবকী পাঁচপীর এলাকায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের শিশু ছেলে মো. আব্দুল্লাহ (৩)। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩২) বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
দশমাইল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান জানান, নাজমুল ইসলাম ভোরে তার স্ত্রী ও সন্তানকে মোটরসাইকেলে নিয়ে ঠাকুরগাঁও জেলার উত্তর গড়েয়ায় এক হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা ঠাকুরগাঁওগামী একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় দ্রুতগতির পিকআপটি ফাহিমা আক্তার ও শিশু আব্দুল্লাহর শরীরের ওপর দিয়ে চলে যায় এবং চালক গাড়িটি নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
বীরগঞ্জ থানার হাইওয়ে ডিউটিতে নিয়োজিত এসআই দেবাশীস রায় জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। ভোরবেলা হওয়ায় সড়কে লোকজন কম থাকার সুযোগে ঘাতক পিকআপটি পালিয়ে যেতে সক্ষম হয়। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু বক্কর সিদ্দীক জানান, মা ও ছেলেকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছিল।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি নির্মল চন্দ্র মহন্ত বলেন, মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।























