গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের জানমাল রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন তারা।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের কারণে সৃষ্ট পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছে আনসার-ভিডিপি। গাজীপুর জেলা কমান্ড্যান্ট মো. আশিকউজ্জামানের নেতৃত্বে ছয় প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় গোয়েন্দা ইউনিটের সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অধীনেও দায়িত্ব পালন করছেন ব্যাটালিয়ন আনসার সদস্যরা। গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মোতায়েন করা আনসার সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় সতর্ক অবস্থানে থেকে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং সড়কে যানবাহন ও মানুষের চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে আনসার-ভিডিপি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, শিল্পাঞ্চলের স্থিতিশীলতা এবং রাষ্ট্রীয় ও জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সংকটময় পরিস্থিতিতে পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনে তারা প্রস্তুত রয়েছেন।





















