ইতালির শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বোরকা ও নিকাব পরিধান নিষিদ্ধ করার পাশাপাশি একটি নতুন শিক্ষানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে দেশটি সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি ডিক্রি-ল অনুমোদন প্রদান করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো শ্রেণিকক্ষেই ইতালীয় ভাষায় অদক্ষ বিদেশি শিক্ষার্থীর উপস্থিতি ৩০ শতাংশের বেশি হতে পারবে না। এই নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ১,১৪০ ডলার (প্রায় এক হাজার ইউরো) পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সরকারের যুব শাখার এক কর্মসূচিতে এই নীতিগত পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে আসে।
তবে আইনটি চূড়ান্তভাবে বাস্তবায়নের ক্ষেত্রে কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। ডিক্রি-ল কার্যকর হলেও এটি স্থায়ী আইনে রূপ নিতে আগামী ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের সম্মতি প্রয়োজন হবে। একই সাথে দেশের প্রেসিডেন্টের অনুমোদনের বাধ্যবাধকতাও রয়েছে। ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা শিক্ষায় নতুন কোনো প্রতিবন্ধকতা তৈরির বিষয়ে সতর্ক সংকেত দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সব সমালোচনা খারিজ করে জানিয়েছেন, এই পদক্ষেপ কোনো বৈষম্য তৈরি করবে না, বরং বিদেশি শিক্ষার্থীদের মূলধারায় যুক্ত হতে এবং ইতালীয় ভাষা শিখতে সহায়তা করবে। পার্লামেন্টে আলোচনার মাধ্যমে এই খসড়া প্রস্তাবে আরো পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।






















