রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে বিমানবন্দরের ক্যানপি-০২ এলাকায় এ ঘটনা ঘটে।
আজ দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো.আশিকউজ্জামানের এ তথ্য জানান
তিনি বলেন, কুমিল্লা থেকে মায়ের সঙ্গে বিমানবন্দরে আসা শিশু জিসান অসাবধানতাবশত ভিড়ের মধ্যে হারিয়ে যায়।
এ সময় কর্তব্যরত প্লাটুন কমান্ডার (পিসি) মো. আলতাফ হোসেন এবং সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মো. জগলুল পাশা ক্যানপি-০২ এলাকায় শিশুটিকে একা কাঁদতে দেখে উদ্ধার করেন। পরে তাকে নিরাপদ হেফাজতে নিয়ে বিমানবন্দরজুড়ে মাইকিং ও অনুসন্ধানের মাধ্যমে তার অভিভাবকের সন্ধান শুরু করা হয়।
বিষয়টি দায়িত্বপ্রাপ্ত শিফট ইনচার্জ পিসি মো. মোজাম্মেল হোসেন এবং ডিউটি সিকিউরিটি অফিসার (ডিএসও)-কে জানানো হয়। দীর্ঘ অনুসন্ধানের পর শিশুটির মাকে শনাক্ত করা হলে প্রয়োজনীয় তথ্য ও পরিচয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে শিশুটির মা আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা উপস্থিত যাত্রী ও সংশ্লিষ্টদের প্রশংসা কুড়িয়েছে।
























