বগুড়ার সোনাতলা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় লোকজনের বিরুদ্ধে। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সোনাতলা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ে তাঁকে গ্রেপ্তার করতে ওই গ্রামে যান।
পুলিশ সদস্যরা গোলাম কবির সুমনকে আটক করে গাড়িতে তোলার সময় স্থানীয় কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় পুলিশ সদস্যদের মারধর করে তাঁদের কাছ থেকে সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে সোনাতলা থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






















