ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বাংলাদেশের হিলি কাস্টমস ও ইমিগ্রেশন পুলিশকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় কাস্টমস। শনিবার সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় ভারতের হিলি কাস্টমসের ইন্সপেক্টর পঙ্কজ কুমার বাংলাদেশের হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদুজ্জামানের হাতে মিষ্টি উপহার তুলে দেন। একই সময়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়ার হাতেও মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়।
সীমান্তে দায়িত্ব পালনকারী দুদেশের বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে এমন উদ্যোগ নেওয়া হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে দুদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানোর এই রেওয়াজ চলে আসছে। এ প্রসঙ্গে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকারিয়া জানান, ভারতীয় কাস্টমস তাঁদের মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসেও একইভাবে সীমান্ত সংলগ্ন ভারতীয় বাহিনীকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়ে থাকে।













