জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে সৎ বোনদের অধিকার ও প্রাপ্য সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোজাম্মেল হক তরফদারের দ্বিতীয় পক্ষের একমাত্র সন্তান রাশেদুল ইসলাম জাকির। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্রথম পক্ষের বড় বোন মোর্শেদা পারভীন লিজা, নাদিরা ইয়াসমিন লুনা, স্থানীয় ইউপি সদস্য মোস্তফা মিয়াসহ এলাকাবাসী।
লিখিত বক্তব্যে রাশেদুল ইসলাম জাকির জানান, তার বাবা মোজাম্মেল হক তরফদার প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেন। প্রথম পক্ষের একটি ছেলে ও দুটি মেয়ে থাকলেও দ্বিতীয় পক্ষে জাকির একাই। তার বাবার মৃত্যুর পর মামার বাড়ি বয়ড়া (বীততারা) ইউনিয়নের বাঁশ নিয়োগী এলাকায় বাবার কেনা সম্পত্তি নিয়ে মামাদের সাথে বিরোধের সৃষ্টি হয়। মূলত উক্ত সম্পত্তির সিংহভাগ জমিই তার সৎ বোনদের মায়ের (জাকিরের সৎ মা) বাপের বাড়ি থেকে পাওয়া টাকায় কেনা হয়েছিল। কিন্তু নানীর বাড়ির টাকা দিয়ে জমি কেনা হলেও জমির কোনো কাগজপত্রে সৎ বোনদের নাম রাখা হয়নি এবং তাদের সেই সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে।
পরবর্তীতে বিষয়টি জানতে পেরে বিবেকের তাড়নায় জাকির তার নিজের মাকে অনুরোধ করেন, যাতে সৎ বোনদের বাবার সম্পত্তি থেকে বঞ্চিত না করে তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হয়। আর এই বিষয়টি নিয়ে কথা বলাতেই তার মামাদের সাথে বিরোধের সৃষ্টি হয়।
জাকির আরও অভিযোগ করেন, এই বিরোধের জেরে তার মামা ফরিদ তাদের বাড়ি থেকে তার মাকে নিয়ে যান এবং পরবর্তীতে অপপ্রচার চালান যে তারা নাকি মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। অথচ গ্রামবাসীর উপস্থিতিতেই জাকির তার মাকে নিজের সাথে রাখার কথা বলেছিলেন। তখন মামা ফরিদ জোর করে বোনকে নিয়ে যাওয়ার কথা বললে জাকির জানান, মামা এখন নিয়ে গেলেও কিছুদিন পর তিনি নিজেই মাকে গিয়ে নিয়ে আসবেন। জাকিরের দাবি, সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার এবং তার সম্মান ও সুনাম নষ্ট করার উদ্দেশ্যে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের মিথ্যা অপবাদ ও কথা ছড়ানো হচ্ছে।













