নওগাঁর রাণীনগরে সাম্প্রতিক গরু চুরির ঘটনায় পুলিশের সফল অভিযানে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে এবং আন্তঃজেলা গরু চোরচক্রের কুখ্যাত তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া ও নাটোর জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে রাণীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত সদস্যরা হলেন—বগুড়ার আদমদীঘির কোমল দোগাছি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. গোলাম রব্বানী ওরফে রব্বানী পাখিটার (৩৯), নাটোরের সিংড়ার হাট তাজপুর গ্রামের পতিত চন্দ্র হালদারের ছেলে শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০) এবং একই উপজেলার বড় বাড়ুইহাটি গ্রামের সুমেন রাজবংশীর ছেলে শ্রী সুচন্দন রাজবংশী ওরফে সজল (২৭)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মণ্ডল জানান, উপজেলার গোনা গ্রাম থেকে এক অসহায় পরিবারের তিনটি গরু চুরির অভিযোগে মামলা দায়েরের পর পুলিশ উদ্ধার অভিযানে নামে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় মঙ্গলবার রাতে প্রথমে বগুড়া থেকে গোলাম রব্বানীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাটোরের সিংড়া থেকে সুজিত ও সুচন্দনকে আটক করে পুলিশ এবং সুজিতের বাড়ি থেকে পাঁচটি চোরাই গরু উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, উদ্ধারকৃত গরুগুলোর প্রকৃত মালিক শনাক্তে কাজ চলছে। এছাড়া বুধবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং চোরচক্রের অন্য সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।













