পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত নতুন কমিটি বাতিলের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার নতুন বাজার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং পরবর্তীতে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত বক্তারা সদ্য ঘোষিত উপজেলা যুবদলের কমিটি নিয়ে চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের এই কমিটিতে যথাযথ মূল্যায়ন করা হয়নি। একই সাথে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের এই কমিটিতে স্থান দেওয়ার অভিযোগ তোলেন তারা। বক্তারা অনতিবিলম্বে এই বিতর্কিত কমিটি বাতিল করে দলের ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন কমিটি পুনর্গঠনের জোরালো দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে দুমকি উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার ও সাবেক যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম সহিদ সরদার বক্তব্য প্রদান করেন। এছাড়া কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন শম্ভু, শামীম আহমেদ, হাবিবুর রহমান নান্নু, শ্রীরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আমির মীরা ও সাধারণ সম্পাদক আমির খানসহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।
সমাবেশ থেকে নেতারা ঘোষণা দেন যে, ঘোষিত নতুন কমিটি বাতিল না হওয়া পর্যন্ত তাদের রাজপথের আন্দোলন অব্যাহত থাকবে। দাবি আদায়ে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন বক্তারা।





















