ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার নামাজ তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লায় স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তার পরিবারের আরও চার সদস্যের জানাজার নামাজও আদায় করা হয়, যেখানে ইমামতি করেন শিয়া ধর্মীয় নেতা জাফর সোবহানি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে জানা গেছে, জানাজা শুরুর কয়েক ঘণ্টা আগেই মোসাল্লার প্রধান প্রাঙ্গণ মানুষের উপচে পড়া ভিড়ে পূর্ণ হয়ে যায়। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার চার মাসেরও বেশি সময় পর দেশে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নয় দিনের রাষ্ট্রীয় শোকপালন ও শেষ বিদায়ের শোভাযাত্রা ঘোষণা করা হয়।
এর আগে, গত শুক্রবার থেকে সাবেক এই আয়াতুল্লাহর মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়। এরপর শনিবার স্থানীয় সময় ভোর ছয়টায় ইমাম খোমেনি মোসাল্লায় মূল আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে দর্শনার্থীরা রোববার বিকাল পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের সুযোগ পাবেন। ঘোষিত সময়সূচী অনুযায়ী, সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে বিশেষ শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফ ও কারবালায় নিয়ে যাওয়া হবে এবং সেখানে আরও কয়েকটি শেষ বিদায় অনুষ্ঠান সম্পন্ন করা হবে। সর্বশেষ আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) মরদেহ পুনরায় ইরানের মাশহাদ শহরে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
























