জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে জাতীয় ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধার এবং একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নওগাঁর সরকারি, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নেতারা। নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে উল্লেখ করেন—বিভেদ নয়, বরং ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে জুলাই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানাতে হবে; আন্দোলনের অংশীদারদের মধ্যে বিভাজন সৃষ্টি করা শহীদদের আত্মত্যাগের চেতনার পরিপন্থী।
বুধবার (৫ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে নওগাঁ জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম। পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের কখনোই ভুলে গেলে চলবে না। তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। এই দেশ আমাদের সবার। তাই একটি সুন্দর বাংলাদেশ গড়তে ইতিবাচক চিন্তা, গঠনমূলক আলোচনা ও সমালোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে।”
এদিকে দিবসটি উপলক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়েও পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফজল হুদা বাবুল, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম এবং উপ-উপাচার্য ড. মো. তারিকুল ইসলাম। সভায় উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে পথ দেখায়। দুর্নীতিমুক্ত ও মানবাধিকারসম্মত বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যই সবচেয়ে জরুরি। বিভেদ নয়, ঐক্যের মাধ্যমেই জুলাই শহীদদের সম্মান জানাতে হবে। আন্দোলনের অংশীদারদের সঙ্গে বিভেদ করা মানে শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার প্রজ্ঞাপন জারি করে প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের ঘোষণা দেয়। এ উপলক্ষে নওগাঁ জেলার সবকটি (১১টি) উপজেলায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।





















