লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নে সুপারি গাছে উঠতে রাজি না হওয়ায় রিয়াদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে রুবেল নামের এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। নিহত রিয়াদ চররুহিতা এলাকার অটোরিকশা চালক শাহেদ হোসেনের ছেলে এবং অভিযুক্ত রুবেল একই এলাকার দিনমজুর মিলনের ছেলে। স্থানীয়দের সূত্রে জানা যায়, অভিযুক্ত রুবেল দীর্ঘদিন ধরে মাদক সেবনের সাথে জড়িত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের রুবেল নিহত রিয়াদকে সুপারি পাড়তে গাছে উঠতে বলে। রিয়াদ গাছে উঠতে না চাইলে রুবেল তার ওপর ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে রিয়াদের চিৎকার শুনে আশপাশের লোকজন তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে ঘাতক রুবেল পলাতক রয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটকের জোর চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।













