যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের পর এবার ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য নিশ্চিত করে জানান, আগামী অক্টোবর মাসেই এয়ারবাসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হবে।
এর আগে গত সপ্তাহে বোয়িংয়ের সঙ্গে নতুন করে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করে সরকার। মন্ত্রী জানান, পূর্বে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয়ের চুক্তি ছিল, যার সঙ্গে নতুন ১১টি যুক্ত হয়ে বোয়িং থেকে মোট ২৫টি উড়োজাহাজ সংগ্রহের পরিকল্পনা চূড়ান্ত হলো। এই ২৫টি বোয়িংয়ের মধ্যে ১৫টি ওয়াইড বডি ও ১০টি ন্যারো বডি উড়োজাহাজ রয়েছে। এ বিষয়ে গত সপ্তাহে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
এয়ারবাস ও বোয়িং মিলিয়ে মোট ৩৬টি উড়োজাহাজের বহর একবারে দেশে আসবে না বলে জানিয়েছেন বিমানমন্ত্রী। বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজের মধ্যে প্রথমটি আসবে ২০৩১ সালে এবং পর্যায়ক্রমে ২০৩৫-৩৬ সালের মধ্যে সবগুলো দেশে পৌঁছাবে। আর্থিক লেনদেনের বিষয়ে মন্ত্রী পরিষ্কার করেন যে, উড়োজাহাজগুলোর জন্য এখনই পুরো অর্থ পরিশোধ করতে হবে না; চুক্তি অনুসারে উড়োজাহাজ হস্তান্তরের পর এবং নতুন বিমানগুলোর রাজস্ব আয় থেকে পর্যায়ক্রমে তা পরিশোধের পরিকল্পনা রয়েছে।













