জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, দেশের যেকোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান বা ব্যবসা কেন্দ্রে কর কর্মকর্তারা এখন থেকে বিনা বাধায় প্রবেশ এবং সরেজমিন পরিদর্শন করতে পারবেন। মূলত বিভিন্ন সময়ে কর কর্মকর্তারা পরিদর্শনে গেলে কিংবা নথি তলব করলে ব্যবসায়ী ও কর্মকর্তাদের মধ্যে তৈরি হওয়া ‘অযাচিত ঝামেলা’ এড়াতেই রোববার এই নির্দেশনা জারি করা হয়েছে। আয়কর আইন, ২০২৩-এর ১৪৭ ধারা অনুযায়ী কর কর্মকর্তারা যেকোনো অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে হিসাবের খাতা, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট ও রসিদসহ যাবতীয় আর্থিক নথি পরীক্ষা করার আইনি এখতিয়ার রাখেন। প্রয়োজনে তারা প্রতিষ্ঠানের কম্পিউটার, ক্লাউড সার্ভার এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্যও খতিয়ে দেখতে পারবেন।
বর্তমানে এনবিআরের নির্দেশনায় একটি বিশেষ টিম দেশব্যাপী উৎসে কর কর্তন নজরদারি ও যাচাইকরণ কার্যক্রম জোরদার করেছে। বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে আয়কর আইনের এই ধারা ও কর কর্মকর্তাদের কর্মপরিধি সম্পর্কে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সাথে, এই সরকারি কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি করলে বা সহযোগিতা না করলে আইন অনুযায়ী জরিমানার কঠোর হুঁশিয়ারি দিয়েছে এনবিআর। এছাড়া, উৎসে কর্তিত কর সরকারি কোষাগারে জমা দেওয়ার ক্ষেত্রে সঠিক আইনি ধারা ও অর্থনৈতিক কোড ব্যবহার করে ই-চালানের মাধ্যমে অর্থ পরিশোধ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।













