দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটে তেহরান প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর ঠিক ২০ মিনিট পর, সকাল ১০টা ৩০ মিনিটে ইসরায়েলকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ইরানের নতুন এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর বীরসীবাকে (Beersheba) লক্ষ্য করে ছোড়া হয়েছে।
মূলত গতকাল রোববার যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর তীব্র জবাব দিতে রোববার রাতেই ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ১০টি মিসাইল ছোড়ে ইরান। এই ঘটনার জের ধরে আজ সোমবার সকালে পাল্টা আঘাত হানে ইসরায়েল। তারা ইরানের রাজধানী তেহরান এবং ইস্ফাহানসহ তিনটি গুরুত্বপূর্ণ শহরে মিসাইল হামলা চালায়।
ইসরায়েলের এই আগ্রাসনের পর পাল্টা জবাব দিতে মাঠে নামে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা হুতিরাও। হুতিদের মিসাইল হামলার ঠিক এক ঘণ্টার মাথায় ইরান সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে টানা ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু করে।
এই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার ফলে মধ্যপ্রাচ্যে এক চরম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে।



















