দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সোমবার (২৭ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য নিশ্চিত করে জানান, নতুন নির্ধারিত এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে মোট ৯৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো—যার মধ্যে ৪৬ বার দাম বাড়ানো হয়েছে, ৪৮ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে, সবশেষ গত শুক্রবার (২৪ জুলাই) সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও ভ্যাটসহ পুনর্নির্ধারণ করা হয়েছে। ভরিতে ৫৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ২ হাজার ৯৭৪ টাকা করা হয়েছে।













