ক্রিপ্টো ট্রেডিং ও মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘটিত আর্থিক প্রতারণা থেকে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, এ ধরনের কোনো প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংক বা দেশের সংশ্লিষ্ট কোনো নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত বা অনুমোদিত নয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) থেকে প্রকাশিত এই সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানানো হয়, Crossmarket.ai-সহ অননুমোদিত যেকোনো ক্রিপ্টো ট্রেডিং বা এমএলএম প্ল্যাটফর্মে বিনিয়োগ, লেনদেন কিংবা সদস্য সংগ্রহের কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে। অননুমোদিত এসব প্ল্যাটফর্মে বিনিয়োগ বা লেনদেন করলে চরম আর্থিক ক্ষতি ও প্রতারণার ঝুঁকি তৈরি হয়। তাই সাধারণ মানুষকে নিরাপদ থাকতে এ ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।























