নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে অবস্থিত রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসার আয়োজনে ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টায় মাদ্রাসা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের এক মিলনমেলা গড়ে ওঠে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর মাদ্রাসার পক্ষ থেকে আগত প্রধান ও বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানানো হয়। চলতি বছরের দাখিল পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে মোট ৬০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে ৯ জন এ+, ৩৬ জন এ, ১২ জন এ- এবং ৩ জন অন্যান্য গ্রেড অর্জন করেছে। ৯০% পাশের হার অর্জন করে প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলার সেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। চমৎকার এই সাফল্যের জন্য শিক্ষার্থীরা অনুষ্ঠানে শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করে।
মাদ্রাসার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি ও মোতওয়াল্লি আলহাজ্ব হোযায়েফ আল মাহমুদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রওজাতুস সালিহীন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আব্দুস শাকুর মোল্লা এবং ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার রেক্টর হযরত মাওলানা মাহবুবুর রহমান। সবশেষে দাখিল পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।




















