মমতাজ বেগমকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর মডেল থানা এলাকার বাসিন্দা মো. মুক্তার হোসেনকে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম পুলিশের আবেদনের পর এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজিজুল হক আদালতে আবেদন করে জানান, মামলার ঘটনায় মমতাজ বেগমের সম্পৃক্ততার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে এবং তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট গণঅভ্যুত্থানের সময় মুক্তার হোসেন মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা এবং গুলিবর্ষণের ঘটনায় তিনি আহত হন এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মমতাজ বেগমকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে ২০২৫ সালের ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।





















