বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বোর্ড অব গভর্নরসের ৪৬তম সভা রোববার (২১ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান এবং মৎস্য ও প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এ সময় বোর্ডের কো-চেয়ারম্যান ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় দেশের মৎস্য গবেষণা কার্যক্রমের অগ্রগতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ গবেষণা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গবেষণাকে আরও কার্যকর ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত সদস্যরা। সভা শেষে মৎস্য খাতের উন্নয়ন এবং গবেষণা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সভায় বিভিন্ন সংসদ সদস্য, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, পরিকল্পনা কমিশন, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল ও বিএফআরআইয়ের প্রতিনিধিরা অংশ নেন।
























