ইসলামী ফ্রন্টের নেতা ও টিভি উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা এবং ডাকাতির মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৮ অক্টোবর) ঢাকার নবম অতিরিক্ত মহানগর দায়রা জজ শহিদুল ইসলাম আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এই আদেশ দেন। আগামী ৬ ডিসেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত ছয় আসামি হলেন– আবদুল্লাহ আল তাসনিম নাহিদ, ইঞ্জিনিয়ার ওরফে রিয়াজ ওরফে রিপন, আবু রায়হান মাহমুদ আব্দুল হাদী, হাদিসুর রহমান সাগর, মাহমুদ ইবনে বাশার ও রফিকুল ইসলাম ফারদীন। এর মধ্যে জামিনে থাকা নাহিদ, রিপন ও হাদী আদালতে উপস্থিত ছিলেন এবং কারাগারে থাকা সাগরকে ভার্চুয়ালি হাজির করা হয়; তবে বাশার ও ফারদীন পলাতক রয়েছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।






















