কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে পৃথক দুই ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে ঘটে যাওয়া এসব ঘটনায় নিহতরা হলেন—ভৈরব হাইওয়ে থানার টহলরত পুলিশ সদস্য পারভেজ মিয়া এবং ভৈরব পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামের কিশোর সাদ্দাত মিয়া।
নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সড়কে টহল দেওয়ার সময় একটি মালবাহী ট্রাক পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে ট্রাঙ্ক ও পিকআপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান হাইওয়ে পুলিশের সদস্য পারভেজ মিয়া। অন্যদিকে, পৌর শহরের লক্ষ্মীপুর এলাকায় নৌকা চুরিকে কেন্দ্র করে স্থানীয় আনার মিয়ার সঙ্গে কিশোর সাদ্দাত মিয়ার তীব্র বাকবিতণ্ডা হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে আনার মিয়া সাদ্দাতকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। রক্তাক্ত অবস্থায় সাদ্দাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ভৈরব থানার পরিদর্শক মো. মাহবুবুর রহমান।























