স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মাদারীপুরের কালকিনি উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে নির্ধারিত সময়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে (ইউএইচএফপিও) কর্মস্থলে না পেয়ে মন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণেই তার জন্য অপেক্ষা করেন। এ সময় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই নার্সকে তাৎক্ষণিকভাবে অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয় এবং দেরিতে উপস্থিত হওয়ায় ইউএইচএফপিও ও কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জানান, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে জনগণের অর্থ লুটপাট ও পাচার হওয়ায় স্বাস্থ্য খাত শোচনীয় অবস্থায় পৌঁছায়, যার ফলে জনবল, টিকা ও ওষুধের প্রকট সংকট তৈরি হয়েছে। হাসপাতালে আউটসোর্সিং ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং সীমিত বাজেটের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জনবল সংকট দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোথাও অনিয়ম পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। এছাড়া সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না এবং অনিয়ম পাওয়া গেলে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
কালকিনি পরিদর্শন শেষে মন্ত্রী ২৫০ শয্যা বিশিষ্ট মাদারীপুর জেলা হাসপাতালও পরিদর্শন করেন। এ সময় মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া, জেলা প্রশাসক মর্জিনা আক্তার ও পুলিশ সুপার মো. ফজলে এলাহীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।





















