পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’র উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহানের সাথে পটুয়াখালী জেলা, দুমকি উপজেলা ও পবিপ্রবির কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় পবিপ্রবির কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে GST (General, Science and Technology) গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, শিক্ষা কার্যক্রমের পরিধি ও মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, গবেষণার অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপ-উপাচার্য ড. এবিএম সাইফুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান।
এছাড়াও উপস্থিত ছিলেন অফিস অব দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার, প্রধান খামার তত্ত্বাবধায়ক মো: আরিফুর রহমান নোমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ, উপ-পরিচালক মোঃ মাহফুজুর রহমান সবুজ সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভায় পটুয়াখালী জেলা, দুমকি উপজেলা এবং পবিপ্রবি কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। উপাচার্য এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।






















