পটুয়াখালীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির (এইচআরডিএস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের কাজীপাড়া এলাকার সুবর্ণা টাওয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির পটুয়াখালী জেলা শাখা।
জেলা শাখার সভাপতি কাজী মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের হোসেন। প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সেক্রেটারি, দৈনিক খবর পটুয়াখালীর সম্পাদক ও স্টার নিউজের জেলা প্রতিনিধি আব্দুস সালাম আরিফ।
সভাপতির বক্তব্যে কাজী মাহতাব উদ্দিন বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত রাখতে কাজ করছে।
তিনি জানান, জাতীয় নির্বাচনে পটুয়াখালী জেলায় সংগঠনটির প্রায় ৩৪ জন কর্মী নির্বাচন পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পটুয়াখালীসহ দেশের প্রায় ৩০টি জেলায় একই দিনে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
মানবাধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে তিনি এ কার্যক্রমে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভা শেষে অতিথি ও সংগঠনের নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও সম্প্রসারণ ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।





















