দেশে মশা ও ভাইরাসজনিত রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে সারা দেশে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৬ জন ডেঙ্গু আক্রান্ত ছিলেন এবং ৪ জন শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
ডেঙ্গু পরিস্থিতির সাম্প্রতিক তথ্যে জানা যায়, ২৪ ঘণ্টায় ৬ জনের প্রাণহানির পাশাপাশি নতুন করে ১ হাজার ৯৪৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সর্বোচ্চ ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২০ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩৪৩ জন ভর্তি হন। এছাড়া বরিশাল বিভাগে ২১২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০, খুলনা বিভাগে ২৪৮, ময়মনসিংহ বিভাগে ১১০, রাজশাহী বিভাগে ২১১, রংপুর বিভাগে ৯৯ এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা পৌছেছে ৭৯ হাজার ৬২০ জনে।
অন্যদিকে ভাইরাসজনিত রোগ হাম ও এর উপসর্গে মৃত্যুর ঘটনাও বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ১২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয় এবং নতুন করে ১ হাজার ২২১ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। চলতি বছর এ পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট ১ হাজার ১০৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং উপসর্গে ১ হাজার ৭ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৫২০ জন এবং মোট সন্দেহভাজন হামের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে।





















