বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট।
আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আরএমপি পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। অনুষ্ঠানে দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকদের অনেকেই আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। তারা পুলিশের প্রযুক্তিনির্ভর উদ্যোগ ও আন্তরিকতার প্রশংসা করে কৃতজ্ঞতা জানান।
সাবেক নিউ ডিগ্রী কলেজের প্রিন্সিপাল এস. এম. জার্জিস কাদির বলেন, দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া মোবাইল ফোনটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের আন্তরিকতা ও প্রযুক্তিগত দক্ষতায় ফোনটি ফিরে পেয়ে তিনি আনন্দিত ও বিস্মিত। এ জন্য পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণা চক্রবর্তী বলেন, সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় তার হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের এমন আন্তরিক ও জনবান্ধব সেবার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। একটি ফোন হারালে শুধু আর্থিক ক্ষতিই হয় না, এর সঙ্গে থাকা ব্যক্তিগত তথ্য, গুরুত্বপূর্ণ নথি, পাসওয়ার্ড ও আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্যও ঝুঁকির মধ্যে পড়ে। ফলে মোবাইল হারানোর ঘটনা নাগরিকদের জন্য মানসিক উদ্বেগেরও কারণ হয়ে দাঁড়ায়। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়ে তাদের অভিনন্দন জানান পুলিশ কমিশনার। অনুষ্ঠানে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মো. মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ এবং উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো. আবুল কালাম সাহিদসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।























