জয়পুরহাটের পাঁচবিবিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্স অভিযানে মাদক, নগদ অর্থ ও দেশীয় ধারালো অস্ত্রসহ এক কথিত সাংবাদিকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে পাঁচবিবির পশ্চিম উচনা গ্রামের বাসিন্দা শাহীন আলমের (৩৮) বাড়িতে এ তল্লাশি চালানো হয়। অভিযানের বিষয়টি আগে থেকেই টের পেয়ে মূল অভিযুক্ত শাহীন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার স্ত্রী উম্মে হাবিবাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। তল্লাশিকালে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে ঘর থেকে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩৩ হাজার ৭৯৭ টাকা, ৫টি মোবাইল ফোন এবং একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা। বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় সূত্র ও সাংবাদিকদের তথ্যানুযায়ী, পলাতক শাহীন আলম মূলত একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তিনি একটি বেসরকারি টেলিভিশনের হিলি স্থলবন্দর প্রতিনিধি হিসেবে কাজ করতেন। সংবাদকর্মীর পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশীয় অস্ত্রের মহড়া ও ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি এবং গ্যাং তৈরির মাধ্যমে পুরো মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে ভারতে রাষ্ট্রের স্পর্শকাতর তথ্য পাচারেরও গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি ইউপি সদস্য লাইজু মিয়া এবং স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন ও পলাশ মিয়াসহ কয়েকজন গ্রামবাসী শাহীনের এসব অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ জানান। ওই অভিযোগের ভিত্তিতেই এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
বর্তমানে আটক উম্মে হাবিবা ও পলাতক শাহীন আলমের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ আটক আসামিকে পাঁচবিবি থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।























