কুষ্টিয়ার কুমারখালীতে পৌর সড়কের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মাহবুবুল আহসান উল্লাস। গত শনিবার বেলা পৌনে একটার দিকে পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভনের নির্দেশে আনোয়ার এবং তার দেহরক্ষী পরিচয়দানকারী রহুলের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক উল্লাসের ওপর চড়াও হয়। হামলায় তাঁকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করা হয় এবং তাঁর ক্যামেরা ভাঙচুর করা হয়। পরবর্তীতে সহকর্মী সংবাদকর্মী ও পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতার জানান, সড়কের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ উপেক্ষা করে কাজ চালিয়ে যাওয়ায় তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পুনরায় কাজ বন্ধ করে দেন এবং তাঁর চলে আসার পরই এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সাংবাদিক বাদী হয়ে কুমারখালী থানায় এজাহার দায়ের করলে তা নথিভুক্ত করা হয় (মামলা নং-২৪)। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এমপি পুত্র শোভনসহ ১১ জন এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে জোর তৎপরতা চলছে।























