চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক ছোট সোনামসজিদ ও তোহাখানা এলাকায় আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে হজরত শাহ নেয়ামতুল্লাহ (রহ.)-এর ঐতিহাসিক ঔরস।
ঔরসকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ ও ভক্তদের আগমন শুরু হয়েছে। আগামীকাল সোনামসজিদে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
ঐতিহাসিক তোহাখানা মাজার এলাকায় ঔরস উপলক্ষে আয়োজন করা হয়েছে কোরআনখানি, দোয়া মাহফিল ও জুমার নামাজের। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা অংশ নেবেন।
জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।
ঔরসের অন্যতম আকর্ষণ হিসেবে জুমার নামাজের পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে হজরত শাহ নেয়ামতুল্লাহ (রহ.)-এর ব্যবহৃত পোশাক ও বিভিন্ন আসবাবপত্র। ঐতিহাসিক এসব নিদর্শন দেখতে প্রতিবছরই দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ এখানে ছুটে আসেন।
আজ বৃহস্পতিবার থেকেই সোনামসজিদে ভক্ত ও দর্শনার্থীদের আগমন শুরু হয়েছে। অনেকেই মাজার এলাকায় অবস্থান করে ইবাদত-বন্দেগি ও ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে রাত কাটাবেন।
অন্যদিকে, ঔরসকে ঘিরে ছোট সোনামসজিদ সংলগ্ন মহাসড়কের দু’পাশে বসেছে বিভিন্ন পণ্যসামগ্রীর দোকান। জমে উঠেছে মেলাও। ধর্মীয় আবহের পাশাপাশি মেলার নানা আয়োজন ঘিরে পুরো সোনামসজিদ এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
ঐতিহাসিক স্থাপনা, ধর্মীয় আয়োজন, ভক্তদের সমাগম ও মেলার বৈচিত্র্য—সব মিলিয়ে আগামীকাল শুক্রবার সোনামসজিদে সৃষ্টি হবে এক ভিন্ন আবহ। ঔরস উপলক্ষে আগত মানুষের পদচারণায় মুখর হয়ে উঠবে শিবগঞ্জের এই ঐতিহাসিক জনপদ।























