রাজশাহী রেঞ্জের আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার দুই পুলিশ কর্মকর্তা শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছেন।
ক্লু-লেস মামলা রহস্য উদ্ঘাটনে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এসআই সৌরভ কুমার দত্ত এবং মাদকদ্রব্য উদ্ধারে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ডিবি এসআই মোঃ ফয়সাল হাসান। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ‘পদ্মা’ সম্মেলন কক্ষে আগস্ট-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী রেঞ্জের আওতাধীন বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।
সভায় রাজশাহী রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আগস্ট মাসের অপরাধচিত্র বিশদভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত ও রহস্য উদ্ঘাটন, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পুলিশের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রম ও মাদকবিরোধী অভিযানে কর্মকর্তাদের কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে আগস্ট মাসে চাঁপাইনবাবগঞ্জ জেলার দুই কর্মকর্তাকে পৃথক দুটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। তাদের এ অর্জনে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অভিনন্দন জানিয়েছেন।
সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; অ্যাডিশনাল ডিআইজি (অ্যান্টি টেররিজম ইউনিট), রাজশাহী বিভাগ; রাজশাহী রেঞ্জধীন বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং রেঞ্জ কার্যালয়সহ বিভিন্ন জেলা ও ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
16 September 2026























