আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। রোববার জাতীয় সংসদে সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, মামলা দায়েরের সময় এজাহারে অভিযুক্তদের দলীয় পরিচয় উল্লেখ না থাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলার সুনির্দিষ্ট সরকারি পরিসংখ্যান নেই। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ১১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার পরিসংখ্যান সরকারের কাছে নেই।
তিনি আরও জানান, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলো প্রত্যাহারের সুপারিশের জন্য গত ৫ মার্চ ২০২৬ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি গঠন করা হয়। পরে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এসব কমিটির সুপারিশের ভিত্তিতে মামলা প্রত্যাহারের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং যেসব হয়রানিমূলক মামলা এখনো প্রত্যাহার করা হয়নি, সেগুলো নিয়ে কমিটি কাজ চালিয়ে যাচ্ছে।






















