বরগুনার বামনা উপজেলায় প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাকন্যাকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সোনাখালী গ্রামের ফায়ার সার্ভিস ইউনিটের পাশে একটি দোকানের পেছনের নির্জন স্থানে ঘটনাটি ঘটে। শিশুটির কাঁদন শুনে স্থানীয় দোকানদার বাবুল ঘটনাটি যুবক তারিফ হাওলাদার ও ফায়ার সার্ভিস কর্মী কামরুজ্জামানকে জানান। সবাই মিলে ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতর থেকে পিঁপড়ায় কামড়ানো ও অকাটা নাড়িসহ শিশুটিকে উদ্ধার করেন। তারিফ নিজ দায়িত্বে শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, যেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক জানান নবজাতকটি আপাতত সুস্থ রয়েছে।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও মানবিক নাড়া দিয়েছে। যে বয়সে মায়ের কোলের উষ্ণতা পাওয়ার কথা, সেখানে এমন নিষ্ঠুরভাবে ফেলে রাখার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করার দাবি তুলেছেন সবাই। উদ্ধারকারী তরুণ তারিফ হাওলাদার শিশুটিকে নিজের বোনের মতো স্নেহ-মমতায় বড় করার আকুতি জানিয়েছেন এবং বর্তমানে শিশুটি তাঁর হেফাজতে রয়েছে। স্থানীয় অধিবাসী ও সুশীল সমাজ প্রশাসন এবং সমাজসেবা বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন যেন শিশুটির আইনি অভিভাবকত্ব, নিরাপত্তা ও ভবিষ্যৎ সুনিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।






















