চারদিনের সরকারি সফর শেষে চীনের বেইজিং থেকে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আরোহণ করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী জুবাইদা রহমানকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। এ সময় প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী গাড়ি থেকে নেমে লালগালিচায় হেঁটে বিমানে ওঠেন।
এর আগে, গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বিশেষ সম্মেলনে যোগ দেন। দালিয়ানের কর্মসূচি শেষে গত বুধবার দুপুরে হাই স্পিড বুলেট ট্রেনে বেইজিংয়ে আসেন প্রধানমন্ত্রী। বেইজিং সফরে তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের (লি কিং) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া বেইজিংয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন তিনি।
উল্লেখ্য, গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার সফর শেষেই তিনি চীনের উদ্দেশে রওনা হয়েছিলেন।























