শরীয়তপুরের জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তদন্তের নামে ১০ হাজার টাকা ঘুষ দাবির অডিও কথোপকথনের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের ইতি আক্তারের সাথে জাজিরা পৌরসভার সাত্তার শেখের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে পৈতৃক নির্যাতন ও বাকবিতণ্ডার জেরে গত ১৭ আগস্ট রাতে ইতিকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এ ঘটনায় গত ৪ সেপ্টেম্বর স্বামী সাজ্জাদ শেখসহ কয়েকজনের বিরুদ্ধে জাজিরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযোগটি তদন্তের দায়িত্ব পান এসআই রফিকুল ইসলাম।
তদন্তের সূত্র ধরে তিনি বাদীপক্ষের কাছে ১০ হাজার টাকা দাবি করেন এবং ভুক্তভোগীর প্রবাসী এক আত্মীয়ের সাথে মুঠোফোনে কথা বলে টাকা পাঠানোর জন্য নিজের বিকাশ নম্বর দেন। এ সংক্রান্ত অডিওর ভিত্তিতে সোনালী নিউজ অনলাইনে সংবাদ প্রকাশিত হলে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ প্রশাসন। জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকারিয়া রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রফিকুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে, তার সাময়িক বরখাস্তের প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।























