সাভারে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। গতকাল (সোমবার) সকাল ১০টায় ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে তিনি সাভারের শিমুলিয়ায় বিকেএসপি-তে পৌঁছান এবং বিকেল পর্যন্ত সেখানে অবস্থান করেন। বিকেএসপি কর্তৃপক্ষের আমন্ত্রণে মূলত ক্রীড়া শিক্ষার্থীদের উৎসাহ দিতেই তাঁর এই সফর। পরিদর্শনকালে তিনি ক্রিকেট ইনডোর সুবিধা, ক্রিকেট মাঠ, ফুটবল ভেন্যুর কৃত্রিম টার্ফ, বেইলম্যান হ্যাঙ্গার ও শুটিং ভেন্যুসহ বিভিন্ন ক্রীড়া ভেন্যু ঘুরে দেখেন। এছাড়া তিনি মিনি কনফারেন্স কক্ষ ও জিমনেসিয়ামে ক্রীড়া প্রদর্শনী উপভোগ করেন এবং শিক্ষার্থীদের হোস্টেলে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তাঁর সাথে ছিলেন এমপি ফরিদা ইয়াসমিন, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান, প্রিন্সিপ্যাল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিক্সের অধ্যাপক নাসরিন সুলতানা এবং সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরের এক পর্যায়ে ব্যারিস্টার জাইমা রহমান বিকেএসপির নারী ফুটবলারদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন। পরবর্তীতে তাঁর ফুটবল খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে (ভাইরাল হয়)। ভিডিওটিতে দেখা যায়, গোলবারের সামনে ‘ডি’ বক্সের কাছাকাছি থাকা এক নারী ফুটবলারকে প্রথমে বল পাস করেন তিনি। এরপর চমৎকার দক্ষতায় বল নিজের নিয়ন্ত্রণে রেখে আবারও পাসের মাধ্যমে সামনে এগিয়ে যান এবং একপর্যায়ে ডি বক্সের ভেতরে গোলরক্ষককে ফাঁকি দিয়ে জোরালো শটে দৃষ্টিনন্দন এক গোল করেন। বলের ওপর তাঁর এই নিখুঁত নিয়ন্ত্রণ, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং চমৎকার গোল দেখে মুগ্ধ হয়েছেন ফুটবলপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা ফুটবলের প্রতি জাইমার এই অনুরাগের ভূয়সী প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন, বিশ্বকাপের এই সময়ে জাইমা রহমানের এই ভিডিওটিতে ফুটবলের প্রতি বাংলাদেশিদের গভীর ভালোবাসাই যেন নতুন করে ফুটে উঠেছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, জাইমা রহমান বিকেএসপির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেছেন এবং ক্রীড়া প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে চমৎকার মতবিনিময় করেছেন।


Md.Rasel Khan 




















