নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকা এখন সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হয়েছে। কিছুদিন আগে সাইনবোর্ডের শান্তিধারা হকার্স মার্কেট এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় গৃহবধূ ফাতেমা আক্তার (২৬) তাঁর স্বামীর প্রাণ বাঁচাতে গিয়ে সশস্ত্র হামলা, শ্লীলতাহানি ও গুরুতর আঘাতের শিকার হন। উক্ত ঘটনায় পরবর্তীতে সোমবার (৬ জুলাই) রাতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী শামীম অভিযান চালিয়ে আরিফ (৩০), খলিল (৩৩), রাসেল গিট্টু (২৪) ও ফজলে রাব্বীকে গ্রেফতার করলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় ঘটনার মূল হোতা ও ‘ওসমানের ডানহাত’ হিসেবে পরিচিত মানিক ওরফে শুটার মানিক। মোস্ট ওয়ান্টেড এই মানিক বিস্ফোরক মামলাসহ একাধিক মামলার আসামি এবং সে এতদিন প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে মহড়া দিয়ে সাইনবোর্ড শান্তিধারা হকার্স মার্কেট এলাকায় নির্বিঘ্নে মাদক কারবার চালিয়ে আসছিল। অবশেষে ৩০ সেপ্টেম্বর রাতে ফতুল্লা মডেল থানা পুলিশ সফল অভিযান চালিয়ে শান্তিধারা এলাকার এই চিহ্নিত সন্ত্রাস ও মাদক ব্যবসায়ী মানিক ওরফে শুটার মানিককে ৫০০ পিস ইয়াবা এবং একটি মোটরসাইকেলসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।













