ভোলা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া এক শিশুকে চিকিৎসা সহায়তা দিয়েছে কোস্ট গার্ড। জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে লঞ্চে গিয়ে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে এক ব্যক্তি তাঁর অসুস্থ নাতিকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ‘এমভি কর্ণফুলি-৪’ লঞ্চে ভোলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। দুপুর দুইটার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জ লঞ্চঘাটসংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়।
এ সময় লঞ্চের মাস্টার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল দল দ্রুত লঞ্চটিতে যায়। তারা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়।
পরে শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কোস্ট গার্ডের বোটে করে সদরঘাট লঞ্চ টার্মিনালে আনা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে শ্যামলীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে পাঠানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সব সময় নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।























