দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৯৮ জন শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গসহ নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩ জন এবং নিশ্চিত হামরোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৫৫ জন। অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে শুরু করে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ১৪৮ জনে, যার মধ্যে নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৯ হাজার ৬৯৬ জন।
সংক্রমণের পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন শিশু। চিকিৎসার পর সুস্থ হয়ে এ পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭৭২ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যুর মাধ্যমে গত ১৫ মার্চ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৯৪ জন শিশুর মৃত্যু হলো। তবে আশার কথা হচ্ছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, উক্ত নির্দিষ্ট সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ১০০ জন শিশু প্রাণ হারিয়েছে।






















