লক্ষ্মীপুরে জেলা পুলিশের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী র্যালি ও সুধী সমাবেশ। আজ বৃহস্পতিবার বিকেলে শহরের টাউন হল মিলনায়তনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে টাউন হলের সামনে থেকে একটি মাদকবিরোধী র্যালি বের হয়ে শহরের রামগতি বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। নতুন প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করতে কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার আবু তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী পি পি এম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদ প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মো. রায়হান কাজেমী পি পি এম।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী মাদক নির্মূলে কঠোর বার্তা দিয়ে চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন এবং বিষয়টিকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণের কথা জানান। তিনি বলেন, সারা দেশে প্রায় ৮৫ লক্ষ মাদক বিক্রেতা ও সেবনকারী রয়েছে, যার মধ্যে চট্টগ্রাম রেঞ্জেই সংখ্যাটি প্রায় ২০ লক্ষ। তাই রেঞ্জের সাড়ে ৩ কোটি মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ২০ লক্ষ মাদক বিক্রেতা ও সেবনকারীকে সমাজ থেকে সম্পূর্ণ নির্মূল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।






















