পর্যটন ও প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলা শহর, যেখানে প্রতিদিন হাজারো মানুষের পদচারণা। কিন্তু দৃষ্টিনন্দন এই শহর এখন ফুটপাত দখলের করাল গ্রাসে জর্জরিত। প্রায় ৬.৫০ কিলোমিটার দীর্ঘ ফুটপাত দখল করে চলছে অবৈধ ব্যবসা, আর পথচারীরা বাধ্য হচ্ছেন মূল সড়ক ধরে চলাচল করতে। শহরের প্রাণকেন্দ্রগুলোতে ফুটপাত যেন পরিণত হয়েছে ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যকেন্দ্রে, অথচ প্রশাসনের অবস্থান নীরব দর্শকের মতো।
মৌলভীবাজার নানা কারণে গুরুত্বপূর্ণ একটি শহর হিসেবে দেশজুড়ে পরিচিত। ১০.৩৬ বর্গ কিলোমিটার আয়তনের এ-গ্রেডের এই শহরটিতে ফুটপাত রয়েছে ৬.৫০ কিলোমিটার। প্রতিদিন নানা প্রয়োজনে জেলার ৭ উপজেলা সহ দেশের নানা প্রান্ত থেকে আগমন ঘটে বিভিন্ন পেশার মানুষের। শহরের প্রধান সড়কগুলোর দু’পাশের ফুটপাতের সিংহভাগই দখল করে চলছে অবৈধ বাণিজ্য। ভবন কিংবা মার্কেট মালিকরাও নিজেদের মালিকানায় থাকার কারণে অবৈধভাবে ফুটপাত দখল করে সেখানে ছোট-খাটো অস্থায়ী দোকান ভাড়া দিয়ে পকেট ভারী করছেন বলে জানা গেছে। এমন দৃশ্য শহরের পশ্চিমবাজার, পুরাতন হাসপাতাল সড়ক, সাইফুর রহমান সড়ক, কোর্ট রোড, শমসেরনগর সড়ক, টিসি মার্কেট এলাকা, কুসুমবাগ, বেরিলেইক, সদর হাসপাতাল এলাকা ও শ্রীমঙ্গল সড়ক সহ শহরের প্রাণকেন্দ্রগুলোতে অহরহ চোখে পড়ছে। অথচ প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। পথচারী চলাচলের বৈধ ফুটপাতটি অবৈধ দখলের কারণে চরম দুর্ভোগে পড়তে হয় পথচারীদের। অবৈধ ব্যবসায়ীরা বলছেন আমাদের স্থায়ী কোন জায়গা নেই থাকলে আমরা সেখানে যেতাম। আবার কেউ বলছেন ফুটপাতে ব্যবসা করে মা বাবাকে নিয়ে সংসার চলে। পরিবেশবাদী বলছেন ফুটপাত দখল করে যারা ব্যবসা করছে তারা আমাদের জন্য একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এদিকে পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন বলেন, অবৈধ ফুটপাত দখলদার বা ভ্রাম্যমান দোকান আছে তাদের কে আমরা উচ্ছেদের জন্য অভিযান পরিচালনা করে থাকি। শহরের ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অচিরেই ব্যবস্থা নেবে প্রশাসন,আর দখল মুক্ত হবে ফুটপাত এমনটাই প্রত্যাশা করছেন শহরবাসী।























