কৃত্রিম মাদক তৈরি ও পাচারকারী চক্র পরিচালনার অভিযোগে মিসরের কায়রোর একটি আদালত জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাসহ (৩৯) ১২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে। অভিযুক্তরা একটি আন্তর্জাতিক অপরাধী চক্র গঠন করে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করে কৃত্রিম মাদক তৈরি ও পাচার করে আসছিল বলে আদালতে প্রমাণিত হয়েছে।
তদন্তকারীদের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক তৈরির পরীক্ষাগার হিসেবে ব্যবহৃত দুটি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে। সেখান থেকে ৭৫০ কেজিরও বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামালসহ লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মাদক মামলার পাশাপাশি অপহরণ ও মারধরের ভিন্ন একটি মামলায়ও সারা খলিফাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আইনি প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী আসামিরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন।
উল্লেখ্য, সারা খলিফা মিসরের সংবাদমাধ্যমে একটি সুপরিচিত মুখ। তিনি নিরাপত্তা ও অপরাধমূলক বিভিন্ন ঘটনা নিয়ে আয়োজিত ‘মিশন ইমপসিবল’ নামের একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করতেন। গণমাধ্যমের পাশাপাশি তিনি কসমেটিক সার্জারি ক্লিনিক এবং ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিনোদন প্রযোজনা ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন।






















