বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে উদ্ধার হওয়া চার বছর বয়সী এক শিশুকে নিরাপদে তার অভিভাবকের কাছে হস্তান্তর করেছে ঢাকা মহানগর আনসার (দক্ষিণ জোন)-এর সদস্যরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১-এর সামনে একটি চার বছরের শিশুকে একা কান্নারত অবস্থায় দেখতে পান টহলরত আনসার সদস্যরা। শিশুটিকে অসহায় অবস্থায় ঘুরতে দেখে কর্তব্যে নিয়োজিত পিসি মো. সোহাগ শেখ ও এপিসি মোনায়েম তাৎক্ষণিকভাবে তাকে নিজেদের হেফাজতে নেন।
এরপরই আনসার সদস্যরা হাসপাতাল এলাকা জুড়ে শিশুটির মা-বাবা ও স্বজনদের খোঁজে মাইকিং ও তল্লাশি শুরু করেন। আনসার বাহিনীর সদস্যদের আন্তরিক তৎপরতায় অল্প সময়ের মধ্যেই শিশুটির কান্নারত অভিভাবকের সন্ধান মেলে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে উপযুক্ত প্রমাণ ও পরিচয় নিশ্চিত সাপেক্ষে শিশুটিকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। সামান্য সময়ের ব্যবধানে হারিয়ে যাওয়া সন্তানকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান শিশুটির অভিভাবক।
এ বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব জানান, আনসার ও ভিডিপি সদস্যরা শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, বরং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সাধারণ মানুষের নিরাপত্তা ও মানবিক সেবা নিশ্চিতে সবসময় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। আনসার সদস্যদের এই দায়িত্বশীল ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।























