রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মো. হাবিবুল্লাহ নাঈম (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল সোয়া পাঁচটার দিকে কুড়িটোলা স্কুল রোড এলাকার ভাড়া বাসা থেকে রাগ করে বের হওয়ার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় শিশুটির মা মোছা. শরীফা খাতুন খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নাঈমের পরিবারের সদস্যরা জানান, তাঁর বাবার নাম মো. বাবুল ইসলাম। তাঁদের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার হাজনা নাটোর গ্রামে। বর্তমানে তাঁরা খিলক্ষেতের কুড়িটোলা স্কুল রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন।
নাঈমের চাচা গোলাম হুসাইন বলেন, গত বৃহস্পতিবার বিকেলে নাঈমের সঙ্গে তার ছয় বছর বয়সী ছোট ভাই আদিলের ঝগড়া হয়। এ নিয়ে মা বকাঝকা করলে নাঈম রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। নাঈমের মুঠোফোনটিও বন্ধ পাওয়া যায়।
পরে শিশুটিকে উদ্ধারের জন্য খিলক্ষেত থানার পাশাপাশি এসআরবি (র্যাব) ও ডিবি পুলিশের কাছে আবেদন করে পরিবার।
এসআরবির কাছে করা আবেদনের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত আড়াইটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে নাঈমের পরিবারের কাছে ফোন আসে। ফোনে বলা হয়, নাঈম ওই ব্যক্তিদের হেফাজতে রয়েছে। এ সময় ফোনে শিশুটির কান্নার শব্দ শোনানো হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পরিবারের ভাষ্য, ফোনে নাঈমকে শারীরিক নির্যাতন করে একটি বাথরুমে আটকে রাখার কথা জানানো হয়। একপর্যায়ে অজ্ঞাত ব্যক্তি ‘হাজী বাড়ি ক্যাম্প এলাকায়’ থাকার কথা বলে ফোনটি কেটে দেন। এরপর ওই নম্বরে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাব আল হোসাইন বলেন, শিশুটির নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।























